লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা স্মরণীয় করে রাখতে চান এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের কষ্ট এখনো ভুলতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক।
আসন্ন ফিফা আন্তর্জাতিক সূচির ম্যাচগুলো সামনে রেখে আর্জেন্টিনা দলে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন দিবু।
জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে মেসির শেষ ম্যাচকে আবেগঘন এক মুহূর্ত হিসেবে দেখছেন দিবু।এমনকি মেসি যে এখনো জাতীয় দলের হয়ে খেলবেন, সেটিও একসময় ভাবেননি তিনি।
ইএসপিএন আর্জেন্টিনাকে দিবু বলেন, ‘সত্যি বলতে, আমি ভেবেছিলাম সে এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছে।আর্জেন্টিনায় নিজের দেশে বিদায় নেওয়ার সুযোগ পাওয়া তার জন্য স্বপ্নের মতো। আমরা চেষ্টা করব দিনটিকে তার জন্য অসাধারণ করে তুলতে।’
তবে মেসির বিদায় নিয়ে উৎসবের প্রস্তুতির মধ্যেও স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট ভুলতে পারছেন না দিবু। ১-০ গোলের সেই পরাজয় এখনো তার মনে কাঁটার মতো বিঁধে আছে।
‘আবারও ফাইনালে উঠতে পারাটা ভালো লাগার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি। এই কাঁটা আমার সঙ্গে অনেক দিন থাকবে’, বলেন দিবু।
মেসির বিদায়ী ম্যাচকে আরও বিশেষ করে তুলতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কাতার বিশ্বকাপজয়ী পুরো দল ও তাদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছে। তারা মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারি থেকে মেসির শেষ ম্যাচের সাক্ষী হবেন।
বেনিনের বিপক্ষে ম্যাচটির জন্য মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে মেসির শেষ ম্যাচে গ্যালারিতে থাকবে উৎসবের আবহ। তবে সেই আবেগের মধ্যেও মাঠের পারফরম্যান্সে মনোযোগ ধরে রাখা লিওনেল স্কালোনির দলের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
মেসিকে বিদায় জানানোর পরই অবশ্য ভবিষ্যতের দিকে তাকাতে হবে আর্জেন্টিনাকে। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া নতুন বাস্তবতায় নিজেদের গুছিয়ে নেওয়ার কাজও শুরু করতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।





