অনলাইন ডেস্ক, ঢাকা
প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৯ পিএম
পরবর্তী ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চলতি মাসের শেষ ও অক্টোবরের শুরুতে হওয়া সেই ম্যাচগুলোর একটির ভেন্যুতে আসছে পরিবর্তন। মূল সূচি অনুযায়ী বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচটি বুয়েনেস আইরেসের মনুমেন্টালে খেলার কথা থাকলেও ম্যাচটি সেখানে হচ্ছে না। ম্যাচটি হতে পারে বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বোনেরায়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দ্বিতীয় ম্যাচটির ভেন্যু পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শেষ মুহূর্তে কোনো সমস্যা না হলে আগামী ৩ অক্টোবর লা বোম্বোনেরাতেই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
লা বোম্বোনেরায় অবশ্য এটি আর্জেন্টিনার প্রথম ম্যাচ নয়। চলতি বছরের মার্চে এই মাঠেই দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। সেখানে মৌরিতানিয়াকে ২-১ গোলে এবং জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল তারা।





