Friday, 16 October 2026

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার জনবল নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার জনবল নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে সাত হাজার নার্সসহ মোট ৪৩ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এবং পরে নবনির্মিত ২৫০ শয্যা সিলেট জেলা হাসপাতাল ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওই বৈঠকে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই নিয়োগের মধ্যে সাড়ে ৭ হাজার নার্স ও আড়াই হাজার চিকিৎসক রয়েছেন। এ ছাড়া বিভিন্ন পদে মোট ৪৩ হাজার ৩৯০ জনকে নিয়োগ দেওয়া হবে।বিশেষ করে মিডওয়াইফ ও পরিচর্যাসেবা-সংশ্লিষ্ট পদগুলোতে ৮০ শতাংশ নারীকে নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরেই দেশের স্বাস্থ্য খাত জনবল সংকটে ভুগছে।বর্তমানে দেশে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের জন্য মাত্র একজন করে চিকিৎসক বা নার্স রয়েছেন। সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যকর্মীরা অক্লান্তভাবে রোগীসেবা দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এই সংকট নিরসনে বৃহৎ পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। অতীতের অনিয়ম দূর করে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত অন্যান্য সরকারি হাসপাতালের নির্মাণকাজ ত্বরান্বিত করে সেগুলো দ্রুত চালু করার ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।