Friday, 16 October 2026

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সাড়ে আট কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ১৫টি ব্যাংক হিসাবে প্রায় ৩৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের অনুমোদনক্রমে সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের অনুসন্ধানে প্রাপ্ত ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, আসামি জিয়াউল হকের ২ কোটি ৪ লাখ ৫১ হাজার ৪৫০ টাকার স্থাবর এবং ১৭ কোটি ৬৮ লাখ ৮৯ হাজার ৩৯৩ টাকার অস্থাবর সম্পদসহ সর্বমোট ১৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৪৩ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া অনুসন্ধানকালে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ৫ কোটি ৪২ লাখ ৪৯ হাজার ৬১৫ টাকা।

অপরদিকে, তদন্তে জিয়াউল হকের গ্রহণযোগ্য ও বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ১৬ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৬৩৮ টাকা।ফলে তার বৈধ আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ জ্ঞাত-আয়বহির্ভূত ৮ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৮২০ টাকার সম্পদ ভোগদখলে রাখার প্রাথমিক সত্যতা মেলে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি জিয়াউল হক নিজ নামে পরিচালিত ১৫টি ব্যাংক হিসাবে মোট ৩৩ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।তিনি ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ উৎস গোপন বা আড়াল করতে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে তা বৈধ করার অপচেষ্টা চালান।

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অপরাধ সংঘটন করায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।