Friday, 16 October 2026

দরজার লকারে সমস্যা : বেলজিয়ামে পার্লামেন্টের টয়েলেটে ১৩ ঘণ্টা আটকা ছিলেন এমপি

দরজার লকারে সমস্যা : বেলজিয়ামে পার্লামেন্টের টয়েলেটে ১৩ ঘণ্টা আটকা ছিলেন এমপি

বেলজিয়ামের আঞ্চলিক ফ্লেমিশ পার্লামেন্টের টয়লেটের ভেতর দীর্ঘ ১৩ ঘণ্টা আটকা ছিলেন ফেদ্রেক এরেন্স নামে এক এমপি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে টয়লেট থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মূলত টয়লেটের লকারে সমস্যা হওয়ায় এমন পরিস্থিতিতে পড়তে হয় তাকে।

আঞ্চলিক ফ্লেমিশ পার্লামেন্ট রাজধানী ব্রাসেলসে অবস্থিত।

সংবাদমাধ্যম ব্রাসেলস টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এরপর বুধবার সকালে ওই এমপিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বের করে নিয়ে আসেন। তারা টয়লেটের লকার খুলতে একটি ক্রোবার ব্যবহার করেন।

দীর্ঘসময় টয়লেটে আটকে থাকার কারণে তার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই উদ্ধারের পর দ্রুত তাকে স্থানীয় সেন্ট-জেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কী কারণে টয়লেটের দরজার লকে সমস্যা তৈরি হলো এবং ওই এমপির শারীরিক অবস্থা কী তা ওই সময় জানা যায়নি।

৫৮ বছর বয়সী এ এমপি ২০২৪ সালে ফ্লেমিশ ব্রাবান্ট থেকে নির্বাচিত হন। তিনি স্থানীয় পার্লামেন্টের মোবিলিটি জনকল্যাণ এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য। এছাড়া কিরবারগানের পৌর কাউন্সিল হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সূত্র: ব্রাসেলস টাইমস