১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে জাতীয় বেতন স্কেল ২০২৬। নতুন এই বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বেতন কীভাবে নির্ধারণ হবে, পদোন্নতি, প্রেষণ, ছুটি, সাময়িক বরখাস্ত ও অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মচারীদের ক্ষেত্রে কী বিধান প্রযোজ্য হবে, এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরে গেজেট জারি করেছে সরকার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় নতুন বেতন স্কেলের ২০টি গ্রেডের বেতনক্রম এবং বিদ্যমান বেতন থেকে নতুন স্কেলে বেতন নির্ধারণের পদ্ধতি তুলে ধরা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর অব্যবহিত আগে বিদ্যমান পদগুলোর বর্তমান বেতন স্কেল বিলুপ্ত হবে।
২০ গ্রেডে নতুন বেতন স্কেল
নতুন বেতন স্কেলে ২০টি গ্রেড রাখা হয়েছে।গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। গ্রেড-২-এ ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-৪-এ ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, গ্রেড-৫-এ ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, গ্রেড-৬-এ ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা, গ্রেড-৭-এ ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-৮-এ ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-৯-এ ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা, গ্রেড-১০-এ ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, গ্রেড-১১-এ ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১২-এ ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত বেতন হবে।



